সখীপুরে জ্বালানি মজুদ কেলেঙ্কারি: মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠান মালিকের কারাদণ্ড, উদ্ধার ৫১৮০ লিটার জ্বালানি
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
জ্বালানি সংকট মোকাবেলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠান মালিককে পৃথক আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) অপরাহ্নে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও প্রসিকিউশন কর্মকর্তা এবং মেঘনা ডিপোর প্রতিনিধিকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ৩৫১৬ লিটার ডিজেল ও ১৬৬৪ লিটার পেট্রোল রয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ২৪ মার্চ দিবাগত রাতে পূর্বদেশ ফিলিং স্টেশনের অনুকূলে ৪৫০০ লিটার পেট্রোল ও ৪৫০০ লিটার ডিজেল সরবরাহ করা হয়। যা পরদিন সরকার নির্ধারিত মূল্যে ফিলিং স্টেশন থেকেই বিক্রির কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির মালিক আতিকুর রহমান তা না করে অবৈধভাবে অন্যত্র মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে।
তদন্তে আরও জানা যায়, পূর্বদেশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে জ্বালানি মজুদে সহায়তা করে। মালিকের স্বীকারোক্তি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং উদ্ধারকৃত জ্বালানি থেকে এর প্রমাণ মেলে। এছাড়া ১৫০ জনেরও বেশি ভুক্তভোগী অভিযোগ করেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১০ টাকা বেশি দামে জ্বালানি বিক্রি করা হয়েছে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিক আতিকুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মূল্যে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলমকেও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে উদ্ধারকৃত ৫১৮০ লিটার জ্বালানি স্পট নিলামের মাধ্যমে সখীপুরের বোয়ালী এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে হস্তান্তর করা হয়। পরে সরকার নির্ধারিত মূল্যে তা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ডিপোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি জ্বালানির পরিমাণ নির্ধারণ, মূল্য নিরূপণ ও নিলাম কার্যক্রম সম্পন্ন করে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্যও কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান,
এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সখীপুর থানার ওসি হেলাল ঊদ্দিন পিপিএম জানান, সাজাপ্রাপ্ত ওই দুই আসামীকে বুধবার রাতেই টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।








Post a Comment