2026



সখীপুরে জমির বিরোধে কৃষককে হত্যা, ১৬ বছর পর সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

 সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার প্রায় ১৬ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ দিলারা আলো চন্দনা দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীর। দণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণ পাড়া এলাকার হায়দার আলী সিকদারের ছেলে মো. রওশন আলী (৫৬) ও মো. মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)। তাদের মধ্যে মোস্তাক পলাতক আছেন। খালাস প্রাপ্তরা হলেন- আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল এবং তুলা মিয়া। তারা কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

পিপি শাহজাহান কবীর বলেন, ২০০৯ সালের ৯ জুলাই আসামিরা ওই গ্রামের আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে যান। তবে এই জমি নিয়ে আসামিদের সঙ্গে ওহাব সিকদারের বিরোধ চলছিল।এ সময় ওহাব সিকদার ও তার চাচাত ভাই দুলাল হোসেন হালচাষে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে দুলাল হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।পরে এ ঘটনায় ওহাব সিকদার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।


সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি শাহজাহান কবীর।


এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।


 সখীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া (খাইড়ার মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন উপজেলার বেলতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সেন্টু মিয়া।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেন্টু মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে।;খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবাগুলোও জব্দ করা হয়।



সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সেন্টু মিয়া একজন মাদক ব্যবসায়ী।  তার নামে একাধিক মাদকের মামলা আছে। বৃহস্পতিবার জনগণের হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ী সেন্টু মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 সখীপুরে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার


সখীপুর প্রতিবেদক:

সখীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার, ১৬ জুন, উপজেলার ময়থাচালা ও কচুয়া বেপারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন সখীপুর উপজেলার ময়থাচালা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. সুজন (৩৫) এবং একই উপজেলার কচুয়া বেপারীপাড়া এলাকার ছোহরাব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন।

রায়ে উভয় আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল-এর সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



 সখীপুরে বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু 

সখীপুর প্রতিবেদক:

 সখীপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গনি মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার কচুয়া গ্রামের চাঁদের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গনি মিয়া ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে নিজের ফসলি জমির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান গনি মিয়া। এ সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর  ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



 সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু 


সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে ফ্রিজ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪৯) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।


নিহত খলিলুর রহমান  ওই গ্রামের আলম মিয়ার ছেলে এবং স্থানীয় বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খলিলুর রহমান ঘরের এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহৃত ফ্রিজ সরাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ফ্রিজ সরানোর একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহের সুরতহাল তৈরি করণের কাজ চলছে। পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 সখীপুরে ইভটিজিংয়ের অভিযোগ 

৭ দিনের কারাদণ্ড 

সখীপুর প্রতিনিধি:

সখীপুরে আজ বুধবার বিকেলে ইভটিজিংয়ের অভিযোগে মানিক মিয়া নামের এক যুবককে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া উপজেলার বেতুয়া গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, স্থানীয় বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল অভিযুক্ত মানিক। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 



 সখীপুরে মাল ভর্তি ট্রাকে ধাক্কা

 মুরগী বোঝাই পিক-আপের চারজন নিহত


সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ ভর্তি করা হচ্ছিল। এ সময় সাগরদিঘী থেকে আসা দ্রুতগতির একটি মুরগি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।


এতে ড্রাইভারসহ পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে বাঁশভর্তি ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।


নিহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।


এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পাশের বাড়ির স্কুল শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, রাস্তায় কান্নাকাটির শব্দ এগিয়ে এসে দেখি পিক-আপের ভ্যানের মাথার অংশ দুমড়েমুচড়ে গেছে। ফায়ার সার্ভিস এবং পুলিশের লোকজন লাশ বের করে আনছেন। 

স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার বলেন, ব্রয়লার মুরগির পিকআপ ভ্যানগুলো বেপরোয়া গতিতে চালিয়ে থাকে। রাস্তার গতিবিধি না মেনে গাড়ী চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে নিহতদের পক্ষ থেকে নিয়মিত রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


 সখীপুর প্রতিবেদক: 

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নিরব আহমেদ শাহেদ (২৪) মারা গেছেন। দুইদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ রোববার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শাহেদের চাচা নুরুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। শাহেদ উপজেলার প্রতিমা বংকী পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহেদ গত শুক্রবার (৫ জুন) দুপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাটাজোর থেকে সখীপুরের দিকে আসছিলেন। সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এসে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাথায় আঘাতপ্রাপ্ত শাহেদের অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা পাঠানো হয়। দুইদিন ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। 

নিহতের চাচা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শাহেদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ (রোববার) সকালে লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। 


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ না করলে লাশ দাফনে কোনো আপত্তি নেই। 



 সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 


সখীপুর প্রতিনিধি:


সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার বেলা দুইটার দিকে সখীপুর-কচুয়া সড়কের মিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জানাযায়, দুপুর দুইটার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিত একটি মোটরসাইকেল রিয়াজ উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে রিয়াজ উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বেলা আড়াইটার দিকে তাঁকে  প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃ-ত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার কালিয়ানপাড়া গ্রামে


 সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের খসে পড়ে দুই রোগী আহত 

সখীপুর প্রতিবেদক :


টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১২ ঘণ্টায় দুই দফায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


 জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগীর ওপর। অপরদিকে শিশু ওয়ার্ডের চিকিৎসারত এক শিশু রোগীর হাতের উপর পলেস্তারার এক খন্ড পড়ে। এতে ওই নারী ও শিশু সামান্য আহত হয়। 


পরপর দুই দফা পলেস্তারা খসে পড়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, হাসপাতাল ভবনটি প্রায় ৩৫ থেকে ৪০ বছর পুরোনো হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কোনো রোগী হতাহত হননি। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


তিনি আরও বলেন, ভবনটির জরুরি মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। বিভাগটির কর্মকর্তারা আগামীকালের মধ্যে প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


এদিকে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন রোগী এবং স্থানীয়রা।



 সখীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়


সখীপুর প্রতিবেদক: 

টাঙ্গাইলের সখীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহসভাপতি এম. সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সহসভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাংবাদিক মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মোস্তফা কামাল, কামাল হোসেন, মুহাম্মদুল্লাহ, সোহেল রজত, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, আল আমীন,   নজরুল ইসলাম টাইগার, মুর্শেদ খান প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। উপজেলার উন্নয়ন-অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করি। এ ছাড়া সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরলে তিনি সেসব বিষয়েও দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেন। 


 সখীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়


সখীপুর প্রতিবেদক: 

টাঙ্গাইলের সখীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহসভাপতি এম. সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সহসভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাংবাদিক মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মোস্তফা কামাল, কামাল হোসেন, মুহাম্মদুল্লাহ, সোহেল রজত, জাহিদ হাসান, সাইফুল ইসলাম,  নজরুল ইসলাম টাইগার, মুর্শেদ খান প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। উপজেলার উন্নয়ন-অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করি। এ ছাড়া সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরলে তিনি সেসব বিষয়েও দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেন। 



 সখীপুর প্রতিবেদক:

ঈদের দিন আর বাড়ি ফেরা হলো না  সখীপুরের  কলেজ শিক্ষার্থী কানন আহমেদের (১৭)। ঈদের দিন( বৃহস্পতিবার ২৮ মে) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান কানন। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন আরোহীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন কাননের ফুফাতো ভাই আশিকুর রহমান (১৬) এবং অপর মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম(৩৫)। তারা বর্তমানে চিকিৎসাধীন ।

স্বজনরা জানান, ঈদ উপলক্ষে পরিবারের সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছিল কানন। কেউ ভাবতেও পারেনি, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দ নেমে আসবে আহাজারি হয়ে। সন্তানের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা, নির্বাক হয়ে পড়েছেন বাবা। বাড়ির আঙিনাজুড়ে এখন শুধুই কান্না আর শোকের মাতম।

একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন আকস্মিক বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু, সহপাঠী ও প্রতিবেশীরা কাননের স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন।


 সখীপুর প্রতিবেদক:

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।




স্থানীয় সূত্র জানায়, রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ এবং যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।


সকাল সাড়ে ৮টার দিকে এ বিষয়ে জানতে ফোন করা হয় এলেঙ্গা অস্থায়ী ফায়ার স্টেশনের সাব অফিসার আতাউর রহমানকে।


 তিনি  বলেন, “রডবোঝাই রাজশাহীগামী একটি ট্রাক যমুনা সেতুর পূর্বপাশে সরাতৈল নামক স্থানে উল্টে পড়ে।”


তিনি বলেন, ট্রাকে ২৫/২৬জন জন যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমরা ৬ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হলেও ১৫ জন ঘটনাস্থলেই নিহত হন।


আতাউর রহমান জানান, তারা সবাই উত্তরবঙ্গের—রাজশাহী, চাপাই ও নওগাঁ— এই এলাকার লোক।


আহতদের আমরা দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতেলে স্থানন্তর করি এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করি বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, “ডিবির লোক আসছিল, পূর্বথানার ওসি ছিল—এরা লাশ নিয়ে গেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতেলে।”


হাসপাতালে নেওয়ার পর আহত ৬ জনের মধ্যে কেউ মারা গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “এরকম খবর আমার কাছে নাই।”


উদ্ধার কাজের কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল।


পরে সেতু পূর্ব ভূঞাপুর লিংক রোড দিয়ে ঢাকাগামী এবং পুরাতন সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।


এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানা গেছে।


দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।


যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।


 সখীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতি‌যো‌গিতা

সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার সকাল ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজ হলরুমে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।


দুর্নীতি দমন কমিশন ও সখীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আইন নয়, সামাজিক সচেতনতা সৃষ্টিই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়।’


প্রতিযোগিতায় রানার্সআপ হয় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আ. রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। তিনি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এবারের প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


 সখীপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

সখীপুর প্রতিনিধি:সখীপুর উপজেলার কচুয়া বাজারে আজ সোমবার দিনব্যাপী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ঢাকার রিজিওনাল সেলস ম্যানেজার  বাদশা মিয়া আকন্দ।

টাঙ্গাইল জেলার এরিয়া সেলস ম্যানেজার  মোঃহাসান তারেকের সভাপতিত্বে গাজীপুরের এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন-সখীপুর উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী ২০জন খামারীর হাতে অতিথিরা পুরুষ্কার তুলে দেন।

এছাড়া আগত খামারিদের হাতে ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 


 সখীপুরে প্রবাসীর বাড়িতে চেতনানাশক দিয়ে দুর্ধর্ষ চুরি


সখীপুর প্রতিবেদক 


টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী (উত্তরপাড়া) এলাকায় মো.সিদ্দিকুর রহমানের বাড়িতে তার বড় ছেলে প্রবাসী মো.মজনু মিয়ার ঘরে দুর্ধর্ষ চু'রি'র ঘটনা ঘটেছে।


গতকাল ১০ মে (রবিবার) দিবাগত রাতে দু-র্বৃ-ত্ত-রা ঘরের ভেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং চেতনানাশক প্রয়োগ করে জমি কেনার জন্য রাখা নগদ ৭ লক্ষ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার,শাড়ি কাপড় ও প্রসাধনী সামগ্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দামি মালামাল চুরি করে নিয়ে যায় ।


ঘটনার পর প্রবাসী মজনু মিয়ার স্ত্রী শেফালী আক্তার (৩৬) অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । শেফালী আক্তার জানান তিনি গতকাল সকালে ঘরের সকল দরজা বন্ধ করে পাশের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরে থাকা জাগে পানি পান করেছিলেন ঠিক তার পর থেকেই তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন কিন্তু বুঝতে পারেননি যে চেতনানাশকে এমন হচ্ছে। পরে বাড়িতেই গ্রামীণ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন কিন্তু রাতে একই ঘরে থাকা পরিবারের সকল সদস্যই আক্রান্ত হয় সেই সুযোগে চোরচক্র এই ধরণের ঘটনা ঘটিয়েছে। 

উক্ত ঘটনায় প্রবাসীর স্ত্রী শেফালী আক্তার (৩৬) পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই থানায় সাধারণ ডায়েরী (জিডি) করবেন বলে জানিয়েছেন।


স্থানীয় ইউপি সদস্য মো.মোজাম্মেল হক জানান, তিনি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে এলাকায় চুরি সহ মাদক বিরোধী অভিযানে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


প্রতিবেশী সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালেক (মেলেটারী) বলেন প্রবাসী বা রেমিট্যান্স যোদ্ধা মজনু মিয়া দীর্ঘ দিন ধরে অনেক কষ্ট করে জমি ক্রয়ের জন্য ৭ লক্ষ টাকা জোগাড় করেছিলেন কিন্তু সেই জমি তার আর ক্রয় করা হলো না চোরচক্র এই পরিবারটিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে আর তাই প্রশাসনের প্রতি অনুরোধ সখীপুরের মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল আরও জোড়দার করার জন্য অনুরোধ জানাচ্ছি।


এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক স্থানীয়দের দাবি।



 সখীপুরে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা 

সখীপুর প্রতিবেদক:


টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


মঙ্গলবার (৫ মে) দুপুরে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল 

অভিযান পরিচালনা করেন।


এ সময় প্রতি ৫ লিটার তেলে ২৭০ মিলি লিটার এবং ১০ লিটারে ৫৪২ মিলি লিটার তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ফিলিং স্টেশনের মালিক রাজু আহমেদ ও মো. রফিকুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। সখীপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে আপাতত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


উল্লেখ্য, স্থানীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরে তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও গাড়ির ফুয়েল মিটারে নির্দিষ্ট পরিমাণ তেল দেখা যাচ্ছিল না। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রমাণ হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার সব ফিলিং স্টেশনেই এমন অভিযান পরিচালনার আহ্বান জানান গ্রাহকরা।



 সখীপুরে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুর প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের বাসিন্দা এবং জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে শাকিল রডমিস্ত্রীর কাজ করতে সখীপুরে আসে। দেবরাজ গ্রামের একটি বাড়িতে অন্য শ্রমিকদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। ফোরম্যান রাজীব জানান, বেলা সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে এসে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।


তিনি আরও জানান, কাজে আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্থানীয় ব্যবসায়ী রহমান মতিউর রহমান  বকুল বলেন, “শ্রমিকরা কিছুদিন ধরে আমার একটি ঘরে ভাড়া থাকছিলেন। দুপুরে খবর পেয়ে এসে এ ঘটনা দেখতে পাই।”


সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।



 

সখীপুরে বিভিন্ন উন্নয়ন সহায়তা সামগ্রী বিতরণ

সখীপুর প্রতিবেদক:

সখীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আহমেদ আযম খান এমপি।
এসময় থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, উপজেলা  বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম সবুর রেজা প্রমুখ।

জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন , বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ১০ টি পরিবারের মাঝে টিউবওয়েল , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী , ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র মহিলার মাঝে গবাদি পশু ও ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের এই উদ্যোগগুলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


 তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে--সখীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 


সখীপুর প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। 
গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে অফিসিয়ালি ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আরো ২৮ লক্ষ কোটি টাকা আন অফিসিয়ালি পাচার হয়েছে।

তিনি আরো বলেন, আমরা কোন দুর্নীতিতে যাবো না। আমাদের সরকারের আমলে আমরা কোন টাকা পাচারে যাবো না। যে সমস্ত শিল্প কারখানা আগের সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেসকল শিল্প কারখানা আবার চালু করবো। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততার সাথে নিষ্ঠার সাথে শুরু করে দিয়েছি যাতে করে আগামী বছর গড়াতে না গড়াতেই দৃশ্যমান হয় যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

শুক্রবার(১ মে) বিকেলে সখীপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মতিন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।



 সখীপুরে এক পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৫৪ জন আহত


সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে এক পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার ও গতকাল রোববার সখীপুর পৌরসভা ও কালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, গতকাল রোববার বেলা দুইটার দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের আবদুর রশিদসহ কয়েকজন নারী ও শিশুকে কামড় দিয়ে একটি কুকুর সখীপুর পৌর শহরের দিকে প্রবেশ করে। এরপর আন্ধি থেকে উত্তরা মোড় পর্যন্ত কমপক্ষে  ২০ জনকে কামড়ায়। গতকাল রাত ১০টার দিকে কুকুরটি কাহারতা গ্রাম হয়ে কচুয়া এলাকায় যায়। আজ সোমবার সকালে আবার কালিয়া, ঘোনারচালা ও দামিয়া এলাকায় একাধিক নারী ও শিশুকে কামড় দেয়। আহতদের মধ্যে অন্তত ৯ শিশু ও ১০ নারী রয়েছেন। দুই দিনে আহত ব্যক্তিদের মধ্যে ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।


আহত ব্যক্তিদের মধ্যে আবদুর রশিদকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসক হাফিজুর রহমান জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।


সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে এসে কালিয়া ঘোনারচালা গ্রামের খন্দকার হাবিবুর বলেন, ‘সকালে আমি আমার নাতীনকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে ফেরার পথে অতর্কিত  কুকুর এসে কামড়ানো শুরু করে। আমার চিৎকারে লোকজন আসেন। আগত লোকদেরও কামড়াতে থাকে কুকুর।’


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিদের পর্যায়ক্রমে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা । জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ বলেন, প্রত্যেককে একাধিক স্থানে কুকুর কামড়েছে। কামড়ের ক্ষতগুলো বেশ গভীর। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা রয়েছে।



 সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে ---সখীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড.আহমেদ আযম খান এমপি 

সংবাদ প্রতিবেদক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছে। তারপর ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, তিনিও চেষ্টা করে গেছেন। কিন্তু এমন দেউলিয়া করে গেছে যে দেশের অর্থনীতিকে ১৮ মাসে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি।


শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি । 

এসময় তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো- দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা মধ্যম আয়ের দেশে পরিণত করব।


অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন।

 

সখীপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১, মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড

সখীপুর প্রতিবেদক:


টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সখীপুর উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে ।

এদিকে, গ্রেফতারকৃত সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নছিমউদ্দিন ও আলমগীর নামে আরও দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা নছিমউদ্দিনকে ৩ মাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা বলেন, 


 

সখীপুর(টাঙ্গাইল)প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সম্মানিত করবার জন্যে আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন। তাই আমার এখন বসে থাকার সময় নেই। আগামী ৫ টি বছর আপনারা যাতে বলতে পারেন, আমাদের সন্তানকে আমরা ভোট দিয়েছি, তিনি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেছেন। 


আহমেদ আযম খান বলেন, কে আমাকে ভোট দিয়েছেন, কে আমাকে ভোট দেননাই আমি কিন্তু সেটি দেখতে যাবো না। আমাকে আপনারা ভোট দিয়েছেন, আমি সকলের এমপি। আমি আপনাদের এবং দেশের মন্ত্রী। আমি সকলের জন্য কাজ করবো।


শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চারলেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়েও বলেছি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বাসাইল বাজারে যে ট্রাফিক হয়, এখানে একটা বাইপাস করার চিন্তা করছি।


এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।


 সখীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু 

সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (রাত ৮টা) উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। আহত মাহির হাসান (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


জানা গেছে, নিহত মোজাম্মেল উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং ইয়ানুর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগমের ছেলে। তারা দুজনই স্থানীয় খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল নিহত হয় এবং ইয়ানুর ও মাহির গুরুতর আহত হয়।


স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার উত্তরা এলাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়ানুর মারা যায়।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে । 


 সখীপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত 


সখীপুর প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।


গত বুধবার  রাত ৮টার দিকে ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাইম।

নাইম সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা এলাকার লেবু মিয়ার ছেলে। সে স্থানীয়  কেজিকে উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ব্যাচের একজন শিক্ষার্থী।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সকালে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলে তেল আনতে বের হয় নাইম।

ফেরার পথে কাউচি চালা এলাকায় তারা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নাঈমের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে। 

 সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক


সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে প্রবাসীর স্ত্রী মুক্তা বেগমের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ছেলে মোরাদ হোসেন পলাতক থাকায় পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত মুক্তা বেগমের স্বামী আলহাজ্ব মিয়া দীর্ঘ প্রায় তিন বছর ধরে কাতারে অবস্থান করছেন। জানা যায়, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল, যা ধীরে ধীরে একটি অশান্ত জীবনে রূপ নিয়েছিল।

ঘটনার দিন সকালে ছেলে মোরাদ তার ছোট বোনকে নিয়ে নানীর বাড়িতে চলে যায়। এরপর থেকেই শুরু হয় উদ্বেগ। কিছুক্ষণ পরই নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঢুকে দেখতে পান—এক কোণে পড়ে আছে মুক্তা বেগমের নিথর দেহ।

মায়ের এমন পরিণতি যেন মেনে নিতে পারছে না কেউই। ঘটনাটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে, কারণ এরপর থেকেই ছেলে মোরাদ পলাতক। পরিবারের ধারণা, এই ঘটনায় তার সংশ্লিষ্টতা থাকতে পারে।

অন্যদিকে, নিহতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ—মুক্তা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এর পেছনে শ্বশুরবাড়ির লোকজন জড়িত।

সখীপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। যেহেতু ছেলে  পলাতক, ধারণা করা হচ্ছে ছেলেই হত্যাকান্ড ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।


 সখীপুরে পেট্রোল আনতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সখীপুর সংবাদ প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তাঁর লাশ।


নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী ছিল।


নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তাঁর বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণের মৃত্যু হয়েছে।


থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



 শোক সংবাদ 


শামসুল আলম (অব.পুলিশ) শুক্রবার রাত সাড়ে বারটায় ইহলোক ত্যাগ করেছেন(ইন্না-লিল্লাহ--রাজিউন)। তিনি সাবেক ফুটবলার খেলোয়াড় এবং খেলা প্রেমিক একজন মানুষ ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী মানুষ  ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে,দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শনিবার বাদ যোহর উপজেলার আড়াইপাড়ার এসডিএস মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়


 সখীপুরে জ্বালানি মজুদ কেলেঙ্কারি: মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠান মালিকের কারাদণ্ড, উদ্ধার ৫১৮০ লিটার জ্বালানি

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

জ্বালানি সংকট মোকাবেলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠান মালিককে পৃথক আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বুধবার (২৫ মার্চ ২০২৬) অপরাহ্নে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ  ও প্রসিকিউশন কর্মকর্তা এবং মেঘনা ডিপোর প্রতিনিধিকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ৩৫১৬ লিটার ডিজেল ও ১৬৬৪ লিটার পেট্রোল রয়েছে।


অভিযান সূত্রে জানা যায়, ২৪ মার্চ দিবাগত রাতে পূর্বদেশ ফিলিং স্টেশনের অনুকূলে ৪৫০০ লিটার পেট্রোল ও ৪৫০০ লিটার ডিজেল সরবরাহ করা হয়। যা পরদিন সরকার নির্ধারিত মূল্যে ফিলিং স্টেশন থেকেই বিক্রির কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির মা‌লিক আ‌তিকুর রহমান তা না করে অবৈধভাবে অন্যত্র মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে।


তদন্তে আরও জানা যায়, পূর্বদেশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে জ্বালানি মজুদে সহায়তা করে। মালিকের স্বীকারোক্তি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং উদ্ধারকৃত জ্বালানি থেকে এর প্রমাণ মেলে। এছাড়া ১৫০ জনেরও বেশি ভুক্তভোগী অভিযোগ করেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১০ টাকা বেশি দামে জ্বালানি বিক্রি করা হয়েছে।


এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিক আ‌তিকুর রহমান‌কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মূল্যে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম‌কেও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


এদিকে উদ্ধারকৃত ৫১৮০ লিটার জ্বালানি স্পট নিলামের মাধ্যমে সখীপুরের বোয়ালী এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে হস্তান্তর করা হয়। পরে সরকার নির্ধারিত মূল্যে তা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।


সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ডিপোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি জ্বালানির পরিমাণ নির্ধারণ, মূল্য নিরূপণ ও নিলাম কার্যক্রম সম্পন্ন করে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্যও কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভ্রাম‌্যমাণ আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) শামসুন নাহার শিলা জানান,


এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সখীপুর থানার ও‌সি হেলাল ঊ‌দ্দিন পি‌পিএম জানান, সাজাপ্রাপ্ত ওই দুই আসামী‌কে বুধবার রা‌তেই টাঙ্গাইল আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


 সখীপুরে এক রাতে ৩ বাড়িতে ৬ গরু চুরি

এলাকায় আতঙ্ক 


সংবাদ প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মধ্যপাড়া এলাকায় এক রাতে তিনটি অসহায় পরিবারের শেষ সম্বল ৬টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় তিনটি পরিবারই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে।

ভুক্তভোগীদের মধ্যে বিধবা মজিরন বেগমের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি ষাঁড়সহ ২টি গরু, একই গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল মিয়ার ২টি এবং কিডনি রোগী জয়নাল আবেদীনের গোয়ালঘর থেকে আরও ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। রাতের আঁধারে গোয়ালঘরের তালা কেটে পরিকল্পিতভাবে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিধবা মজিরন বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, গরু দুটিই ছিল তার সংসারের একমাত্র ভরসা। আনুমানিক প্রায় দুই লাখ টাকা মূল্যের গরু হারিয়ে তিনি এখন দিশেহারা। দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল মিয়া বলেন, প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে কষ্ট করে গরু কিনেছিলেন তিনি। এক রাতেই সব হারিয়ে এখন তিনি নিঃস্ব।

অন্যদিকে কিডনি রোগে আক্রান্ত জয়নাল আবেদীন জানান, গরুর দুধ বিক্রি করে নিজের চিকিৎসার খরচ চালাতেন। চুরির ঘটনায় তার জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। এভাবে চুরি হতে থাকলে এলাকার মানুষ গবাদিপশু পালন থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

টাঙ্গাইল-৮ আসনে জয়ী বিএনপির এড.আহমেদ আযম খান
সংবাদ প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বিজয়ী হয়েছেন। 

বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯১০ ভোট। ভোটের ব্যবধান ৩৮ হাজার ৩৯১।

সখীপুর ও বাসাইল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৬২৩ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

আসনটির ১৩১টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী।

এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আহমেদ আযম খান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সখীপুর-বাসাইলের সামাজিক, রাজনৈতিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখবেন। এ ছাড়া দল মত ও বিরোধী পক্ষের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।


 সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সংবাদ প্রতিবেদক:


টাঙ্গাইলের সখীপুরে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুল হক বাচ্চু এ অভিযোগ করেন।


মঙ্গলবার বিকেলে (১০ ফেব্রুয়ারি) তিনি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো : আবদুল্লাহ আল রনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।


অভিযোগপত্রে বলা হয়, সরকারি দায়িত্বে থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন গত ২২ জানুয়ারি থেকে টাঙ্গাইল–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে আসছেন। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার হতেয়া উত্তরপাড়া এলাকায় আবদুর রশিদের বাড়িতে আয়োজিত ওরস মাহফিলে মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান তিনি। যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়।


এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অভিযোগে।


অন্যদিকে, অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি। অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।'


এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো : আবদুল্লাহ আল রনী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হব।


সংবাদ ডেক্স: বিএনপি প্রার্থী এড আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত...
আজ দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা এলাকায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার শিলা।
অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রান্না করা খাবারগুলো স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির তত্ত্বাবধানে একটি এতিমখানায় হস্তান্তর করা হয়।


 সখীপুরে বিএনপি'র প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন


সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক:

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, নির্বাচনী অফিস ও চেয়ার ভাংচুর, পথসভায় বাঁধা প বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ নানা অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট ফজলুল হক বাচ্চু। বুধবার দুপুর দুই ঘটিকার সময় পৌরএলাকার রাইদা ভিলেজে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাদের নির্ধারিত পথসভা ও গণসংযোগ কর্মসূচির একই স্থানে ও একই সময়ে ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আমাদের মিছিল সমাবেশে হামলার চেষ্টা করছেন এবং নিজেদের অফিস  নিজেরাই ভেঙে আমাদের উপর দায় চাপানোর পরিকল্পনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হতে না পারে। 

এছাড়াও আমাদের নির্বাচনী অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, অফিসের মালামাল ভাঙচুর করা হয়েছে, কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে

এর প্রত্যেকটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, লাবীব গ্রুপের ডিমডি মাহমুদুল আলম মনির প্রমুখ।

 


সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। ২৯ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আপনারা সবসময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা আমার পাশে থেকে সহযোগিতা করেন, সেই সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে।’
আরও দেখুন
স্কুল সাপ্লাই
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট কামনা করছি। ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।’
আরও দেখুন
স্কুল সাপ্লাই
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে টুকু বলেন, ‘আমরা একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চাই—যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সহাবস্থানের একটি টাঙ্গাইল গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
এসময় তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। এদিন বিকাল ৪টায় টাঙ্গাইল দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। প্রোগ্রামে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের জন্য কাজ করার ব্যাপারে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমি সবসময় পাশে থাকব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget