June 2026



সখীপুরে জমির বিরোধে কৃষককে হত্যা, ১৬ বছর পর সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

 সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার প্রায় ১৬ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ দিলারা আলো চন্দনা দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীর। দণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণ পাড়া এলাকার হায়দার আলী সিকদারের ছেলে মো. রওশন আলী (৫৬) ও মো. মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)। তাদের মধ্যে মোস্তাক পলাতক আছেন। খালাস প্রাপ্তরা হলেন- আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল এবং তুলা মিয়া। তারা কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

পিপি শাহজাহান কবীর বলেন, ২০০৯ সালের ৯ জুলাই আসামিরা ওই গ্রামের আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে যান। তবে এই জমি নিয়ে আসামিদের সঙ্গে ওহাব সিকদারের বিরোধ চলছিল।এ সময় ওহাব সিকদার ও তার চাচাত ভাই দুলাল হোসেন হালচাষে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে দুলাল হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।পরে এ ঘটনায় ওহাব সিকদার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।


সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি শাহজাহান কবীর।


এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।


 সখীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া (খাইড়ার মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন উপজেলার বেলতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সেন্টু মিয়া।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেন্টু মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে।;খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবাগুলোও জব্দ করা হয়।



সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সেন্টু মিয়া একজন মাদক ব্যবসায়ী।  তার নামে একাধিক মাদকের মামলা আছে। বৃহস্পতিবার জনগণের হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ী সেন্টু মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 সখীপুরে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার


সখীপুর প্রতিবেদক:

সখীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার, ১৬ জুন, উপজেলার ময়থাচালা ও কচুয়া বেপারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন সখীপুর উপজেলার ময়থাচালা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. সুজন (৩৫) এবং একই উপজেলার কচুয়া বেপারীপাড়া এলাকার ছোহরাব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন।

রায়ে উভয় আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল-এর সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



 সখীপুরে বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু 

সখীপুর প্রতিবেদক:

 সখীপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গনি মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার কচুয়া গ্রামের চাঁদের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গনি মিয়া ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে নিজের ফসলি জমির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান গনি মিয়া। এ সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর  ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



 সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু 


সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে ফ্রিজ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪৯) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।


নিহত খলিলুর রহমান  ওই গ্রামের আলম মিয়ার ছেলে এবং স্থানীয় বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খলিলুর রহমান ঘরের এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহৃত ফ্রিজ সরাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ফ্রিজ সরানোর একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহের সুরতহাল তৈরি করণের কাজ চলছে। পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 সখীপুরে ইভটিজিংয়ের অভিযোগ 

৭ দিনের কারাদণ্ড 

সখীপুর প্রতিনিধি:

সখীপুরে আজ বুধবার বিকেলে ইভটিজিংয়ের অভিযোগে মানিক মিয়া নামের এক যুবককে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া উপজেলার বেতুয়া গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, স্থানীয় বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল অভিযুক্ত মানিক। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 



 সখীপুরে মাল ভর্তি ট্রাকে ধাক্কা

 মুরগী বোঝাই পিক-আপের চারজন নিহত


সখীপুর প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ ভর্তি করা হচ্ছিল। এ সময় সাগরদিঘী থেকে আসা দ্রুতগতির একটি মুরগি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।


এতে ড্রাইভারসহ পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে বাঁশভর্তি ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।


নিহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।


এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পাশের বাড়ির স্কুল শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, রাস্তায় কান্নাকাটির শব্দ এগিয়ে এসে দেখি পিক-আপের ভ্যানের মাথার অংশ দুমড়েমুচড়ে গেছে। ফায়ার সার্ভিস এবং পুলিশের লোকজন লাশ বের করে আনছেন। 

স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার বলেন, ব্রয়লার মুরগির পিকআপ ভ্যানগুলো বেপরোয়া গতিতে চালিয়ে থাকে। রাস্তার গতিবিধি না মেনে গাড়ী চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে নিহতদের পক্ষ থেকে নিয়মিত রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


 সখীপুর প্রতিবেদক: 

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নিরব আহমেদ শাহেদ (২৪) মারা গেছেন। দুইদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ রোববার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শাহেদের চাচা নুরুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। শাহেদ উপজেলার প্রতিমা বংকী পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহেদ গত শুক্রবার (৫ জুন) দুপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাটাজোর থেকে সখীপুরের দিকে আসছিলেন। সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এসে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাথায় আঘাতপ্রাপ্ত শাহেদের অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা পাঠানো হয়। দুইদিন ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। 

নিহতের চাচা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শাহেদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ (রোববার) সকালে লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। 


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ না করলে লাশ দাফনে কোনো আপত্তি নেই। 



 সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 


সখীপুর প্রতিনিধি:


সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার বেলা দুইটার দিকে সখীপুর-কচুয়া সড়কের মিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জানাযায়, দুপুর দুইটার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিত একটি মোটরসাইকেল রিয়াজ উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে রিয়াজ উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বেলা আড়াইটার দিকে তাঁকে  প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃ-ত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার কালিয়ানপাড়া গ্রামে


 সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের খসে পড়ে দুই রোগী আহত 

সখীপুর প্রতিবেদক :


টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১২ ঘণ্টায় দুই দফায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


 জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগীর ওপর। অপরদিকে শিশু ওয়ার্ডের চিকিৎসারত এক শিশু রোগীর হাতের উপর পলেস্তারার এক খন্ড পড়ে। এতে ওই নারী ও শিশু সামান্য আহত হয়। 


পরপর দুই দফা পলেস্তারা খসে পড়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, হাসপাতাল ভবনটি প্রায় ৩৫ থেকে ৪০ বছর পুরোনো হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কোনো রোগী হতাহত হননি। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


তিনি আরও বলেন, ভবনটির জরুরি মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। বিভাগটির কর্মকর্তারা আগামীকালের মধ্যে প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


এদিকে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন রোগী এবং স্থানীয়রা।



 সখীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়


সখীপুর প্রতিবেদক: 

টাঙ্গাইলের সখীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহসভাপতি এম. সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সহসভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাংবাদিক মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মোস্তফা কামাল, কামাল হোসেন, মুহাম্মদুল্লাহ, সোহেল রজত, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, আল আমীন,   নজরুল ইসলাম টাইগার, মুর্শেদ খান প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। উপজেলার উন্নয়ন-অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করি। এ ছাড়া সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরলে তিনি সেসব বিষয়েও দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেন। 


 সখীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়


সখীপুর প্রতিবেদক: 

টাঙ্গাইলের সখীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহসভাপতি এম. সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সহসভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাংবাদিক মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মোস্তফা কামাল, কামাল হোসেন, মুহাম্মদুল্লাহ, সোহেল রজত, জাহিদ হাসান, সাইফুল ইসলাম,  নজরুল ইসলাম টাইগার, মুর্শেদ খান প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। উপজেলার উন্নয়ন-অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করি। এ ছাড়া সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরলে তিনি সেসব বিষয়েও দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেন। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget